কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিস্তারিত বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকে পাঠানো এক জরুরি ই-মেইল বার্তায় এ নির্দেশ দেওয়া হয়।
বিএফআইইউর বার্তায় বিষয়টিকে ‘উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত’ বা হাই-প্রায়োরিটি হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।
জানা গেছে, বিএফআইইউ সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি এবং হিসাব বিবরণীর সফট কপি চেয়েছে।
এ ছাড়া একটি নির্ধারিত এক্সেল ফাইলে হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, চিহ্নিত হিসাবের বিপরীতে প্রাপ্ত সুদ আয় এবং উৎসে কর (টিডিএস) কর্তনের তথ্য পূরণ করে জমা দিতে বলা হয়েছে।
তথ্য সরবরাহের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন কয়েক দিন আগে তাঁর স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। পরে হামলার বিষয়ে তাঁর বক্তব্য নিয়েও আলোচনা হয়।
প্রাথমিকভাবে সালমান মুক্তাদির অভিযোগ করেছিলেন, বিএনপির নামধারী কিছু ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করেছিল। তবে পরবর্তীতে তিনি জানান, তাঁর কাছে প্রকৃতপক্ষে কোনো চাঁদা দাবি করা হয়নি।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এক মন্তব্যে বলেন, পরিচিত ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের সামাজিক প্রভাব বিবেচনায় আরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স
ডেস্ক রিপোর্ট
৩০ সেপ্টেম্বর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

বিনোদন
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




