ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি তেলবাহী ট্যাংকার অচল হয়ে পড়েছে। আঘাতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও এতে থাকা সব ক্রু নিরাপদ আছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইউকেএমটিওর ভাষ্য অনুযায়ী, ট্যাংকারটির মাস্টার সংস্থাটিকে জানান, চলাচলের সময় জাহাজটি অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতের শিকার হয়। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ইঞ্জিন কক্ষে আঘাত করলে সেখানে ক্ষয়ক্ষতি হয় এবং ট্যাংকারটি চলাচলের সক্ষমতা হারায়।

ঘটনাটি ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৬ দশমিক ৭ কিলোমিটার উত্তর-পূর্বে ঘটেছে।

ইউকেএমটিও জানিয়েছে, হামলার পরও জাহাজে থাকা ক্রুদের কেউ আহত হননি এবং সবাই নিরাপদ রয়েছেন।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি কোন দেশের পতাকাবাহী কিংবা সেটি কোথা থেকে কোথায় যাচ্ছিল—সে বিষয়ে সংস্থাটি কোনো তথ্য প্রকাশ করেনি।