স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চাকরি ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে। এর বিনিময়ে তিনি ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের জন্য জেলা পরিষদের উদ্যোগে ঘর নির্মাণ ও পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, ‘‘যেখানে ব্যর্থ হয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। কারণ, জনগণের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক।’’
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নয়নে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সমস্যার সমাধান করে পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম বলেন, এলাকার উন্নয়নে রাজনৈতিক সরকারের ভূমিকা রয়েছে। তিনি জানান, ২২ কিলোমিটার রাস্তার জন্য ২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘‘আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব, কৃষক কার্ড দেব, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেব, চাকরি দেব, স্বাস্থ্যসেবা দেব, খাল খনন করবো, রাস্তা-ঘাট-ব্রিজসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করার আমরা করবো।’’
এ সময় তিনি ধানের শীষের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
ধর্মীয় বিষয় ব্যবহার করে ভোট চাওয়ার প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে মীর শাহে আলম বলেন, বিএনপি উন্নয়নের গ্যারান্টি দিতে চায়। তিনি বলেন, বেহেশতের গ্যারান্টি দেওয়ার বিষয়টি আল্লাহর বিধান ও ধর্মীয় নির্দেশনার সঙ্গে সম্পর্কিত।
তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন এবং সে সময় তাদের রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।





