নারীদের সামাজিক মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে দেশে নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নারীদের শিক্ষার আলোয় এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর তার সন্তান তারেক রহমান স্নাতক পর্যায় পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, সমাজ থেকে সব ধরনের অনিয়ম ও অপকর্ম দূর করতে বিএনপি সরকার কাজ করবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে রাজপথে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আফরোজা আব্বাস ও সুলতানা আহমাদসহ অনেক নেত্রী বিভিন্ন সময়ে কারাভোগ করেছেন।
তিনি আরও বলেন, অতীতে অনেক নারী হত্যা ও ধর্ষণের শিকার হয়েছেন। তবে বর্তমানে সে ধরনের পরিস্থিতি নেই বলে দাবি করেন তিনি। রিজভীর ভাষ্য, নুসরাত-তনু হত্যার মতো ঘটনা না থাকাই বর্তমান সরকারের সফলতা।
আগামী দিনে সরকারের কার্যক্রম সফল করতে মহিলা দলের নেত্রীদের আরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমাদ, হেলেন জেরিন খান ও শাম্মী আক্তারসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।





