দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় সোনার গহনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমেছে ৬ হাজার ৮২৩ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমেছে ৫ হাজার ৮৩২ টাকা। এখন এর দাম হবে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৭২৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে গত ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ২৫ আগস্ট ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার গহনার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫৯ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।