আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এনসিপির কার্যালয়ে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতির বিষয়টি এনসিপির পক্ষ থেকে আগেও জানানো হয়েছিল।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন হওয়ার কথা থাকলেও তা দফায় দফায় পিছিয়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে ন্যূনতম আশঙ্কা তৈরি হলে এনসিপি সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান তিনি।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়া আড়াই হাজার প্রার্থীর প্রত্যেককে চাকরিতে নিয়োগ দিতে হবে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য না থাকলে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

নাহিদ বলেন, অন্যায়ভাবে একজন প্রার্থীকেও নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলে এনসিপি তার পক্ষে লড়বে।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, তারেক রহমান জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তার দাবি, সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরা হয়েছে এবং সেসব এজেন্ডা ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।

বর্তমান জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে নাহিদ অভিযোগ করেন, বিষয়টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যথাযথভাবে তুলে ধরা হয়নি।

বাংলাদেশ-ভারত সীমান্ত প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত হত্যাকাণ্ড ও পুশইনের বিষয়ও প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পায়নি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে নাহিদ বলেন, সমস্যা তুলে ধরা হলেও কীভাবে এর সমাধান করা হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি। তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সে বিষয়টিও বক্তব্যে উঠে আসেনি বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণহত্যার বিষয়ও জাতিসংঘে তুলে ধরা হয়নি। জাতিসংঘ সফর থেকে বাংলাদেশের কী অর্জন হয়েছে, সেটিও জনগণের কাছে স্পষ্ট নয় বলে দাবি করেন তিনি।