সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত, হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।

অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে মৃত বা আক্রান্ত ব্যক্তিদের বয়সভিত্তিক তথ্য উল্লেখ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, সব বয়সী মানুষ হাম আক্রান্ত হতে পারেন, তবে শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যায়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে হওয়া মৃত্যুগুলোও হামজনিত মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩৩২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনে।

একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ৯৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২২ হাজার ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। সেখানে দুজন মারা গেছেন। তাদের একজন সিলেট জেলার এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা। অপর দুই মৃত্যুর একটি ঢাকা জেলায় এবং অন্যটি খুলনা জেলায় হয়েছে।