রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, অন্যদিকে ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

একই সময়ে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরাও তাদের স্বপদে পুনর্বহালের দাবিতে ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দুই পক্ষ কাছাকাছি অবস্থান নেওয়ার পর উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবির মধ্যে রয়েছে—এস আলমের প্রভাবমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা, এস আলমের আমলে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগ বাতিল এবং নতুন পরিচালনা পর্ষদ গঠন।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, তাদের আগের পদে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

দুই পক্ষের কর্মসূচির কারণে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।