জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলে সারা দেশ থেকে আসা নেতাদের সরাসরি ভোটে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হবে।
কাউন্সিল উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।
জাতীয় ছাত্রশক্তি জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই স্থানে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
কাউন্সিল উপলক্ষে বিকেল ৫টায় একটি শোভাযাত্রা বের করা হবে। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে ব্যান্ড আর্ক হাসান, র্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কাউন্সিল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী নেতাকর্মীদের উপস্থিতি ও বিভিন্ন কর্মসূচি চলবে।





