ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে দ্রুত ও বড় ধরনের পতন হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
পোস্টে ট্রাম্প বলেন, বিজয়ের পর যুক্তরাষ্ট্রের পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৩ ডলারে নেমে আসবে। পরে তা আরও কমে ২ ডলারের নিচে যেতে পারে বলেও দাবি করেন তিনি।
তেলের দামে এই পতন দ্রুতই দেখা যাবে বলে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে তিনি আবারও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
এদিকে হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে পৌঁছায়। গত পাঁচ দিনে তেলের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ এবং এক মাসে বেড়েছে প্রায় ১৯ শতাংশ।
বিশ্বের অপরিশোধিত তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এই অঞ্চলে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





