ব্যাংক খাতে খেলাপি ঋণের শ্রেণিকরণের মেয়াদ তিন মাস থেকে নয় মাস করার সম্ভাব্য উদ্যোগের সমালোচনা করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেছেন, এ ধরনের পদক্ষেপ ব্যাংক খাতের স্বচ্ছতা ও সংস্কার প্রক্রিয়ার পরিপন্থি।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।

হাসনাত আব্দুল্লাহর দাবি, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণিকরণের মেয়াদ তিন মাস থেকে নয় মাসে উন্নীত করার বিষয়টি বিবেচনা করছে। তাঁর মতে, সংজ্ঞা পরিবর্তন করে খেলাপি ঋণের পরিমাণ কম দেখানো সম্ভব হলেও এতে ব্যাংকের প্রকৃত ঋণ আদায় হবে না।

তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের জুন শেষে দেশের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। তাঁর ভাষ্য, কঠোর শ্রেণিকরণ বিধি ও সম্পদমান নিরীক্ষার মাধ্যমে এতদিনের গোপন সমস্যা সামনে এসেছে। এটিকে নীতির ব্যর্থতা না দেখে সফলতা হিসেবে বিবেচনা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

ভারতের উদাহরণ তুলে ধরে হাসনাত বলেন, দেশটি ৯০ দিনের আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পদমান নিরীক্ষা, দেউলিয়া আইন ও সময়াবদ্ধ ঋণ পুনরুদ্ধার কাঠামোর মাধ্যমে খেলাপি ঋণ কমিয়েছে। ভিয়েতনামও খেলাপি ঋণের সংজ্ঞা শিথিল না করে ঋণ আদায়ের আইনি সক্ষমতা বাড়ানোর পথে এগিয়েছে বলে তিনি দাবি করেন।

বাংলাদেশের জন্য ছয় দফা দাবি তুলে ধরে তিনি ৯০ দিনের শ্রেণিকরণ বিধি বহাল রাখা, ২০২৭ সালের মধ্যে আইএফআরএস-৯ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা, বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ঋণ আদায়ের আইনগত কাঠামো শক্তিশালী করার দাবি জানান। বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের নির্দেশনায় ঋণের অতিদেয় সংজ্ঞা আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য করতে তিন মাস ও পরবর্তী ধাপে আরও কঠোর করার ব্যবস্থা নেওয়া হয়েছিল।

হাসনাত আব্দুল্লাহ বলেন, খেলাপি ঋণের সংজ্ঞা শুধু কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ বিষয় নয়; এর সঙ্গে আমানতকারীর অর্থের নিরাপত্তা, বিনিয়োগকারীর আস্থা ও রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা জড়িত।

পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশ ব্যাংককে সম্ভাব্য এ উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান। তাঁর ভাষ্য, ‘স্বচ্ছতার শাস্তি হিসেবে স্বচ্ছতাকে বাতিল করবেন না।’ খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তনের মাধ্যমে সংকট আড়াল করার উদ্যোগ প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।