দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশু এবং সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৫৬ জন এবং হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে আরও জানানো হয়, এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।