রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট—মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, প্রত্যাবাসন মানে শুধু সীমান্ত অতিক্রম করে ফিরে যাওয়া নয়। বরং এমন একটি পরিবেশে ফিরে যাওয়া, যেখানে মানুষ নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে আস্থা রেখে বসবাস করতে পারে। এ জন্য মিয়ানমারে এমন পরিস্থিতি তৈরি করা প্রয়োজন, যা প্রত্যাবাসনকে বাস্তব অর্থেই টেকসই করবে।
তিনি বলেন, বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। এর ফলে দেশের অর্থনীতি, পরিবেশ, জনসেবা, স্থানীয় জনগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তার ওপর ব্যাপক চাপ তৈরি হলেও বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবিক দায়িত্বকে যেন সীমাহীন দায়িত্ব হিসেবে বিবেচনা করা না হয়। রোহিঙ্গা সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি, তাই এর সমাধানের দায়িত্বও বাংলাদেশের একার হতে পারে না।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সংহতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অংশীদারত্বমূলক দায়িত্ব ও টেকসই রাজনৈতিক সম্পৃক্ততার দিকে এগিয়ে আসতে হবে।
হুমায়ুন কবির আরও বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অর্থায়ন নিশ্চিত ও ধারাবাহিক করতে হবে। একই সঙ্গে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকেও কার্যকর সহায়তা দেওয়া প্রয়োজন। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, মানবিক সহায়তা বাস্তুচ্যুতির পরিণতি সামাল দিতে পারে, কিন্তু সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান।
সেমিনারে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন বক্তব্য দেন।





