জাপানের তরুণ ও দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ পার্টনারশিপ সেমিনার ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। দুই দেশের এই ভিন্ন জনমিতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
তিনি বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং জাপানের প্রয়োজনীয় জনবল সংকট মোকাবিলায় এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশি তরুণরা জাপানে কাজের সুযোগ পেলে তাদের আর্থিক ও সামাজিক উন্নয়ন হবে। একই সঙ্গে জাপানের বিভিন্ন খাতেও তারা দক্ষতার মাধ্যমে অবদান রাখতে পারবে।
জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, জাপানি ভাষা শেখার সুযোগ বাড়াতে হবে। এ জন্য প্রয়োজনে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে।
সেমিনারে জাপানের প্রতিনিধিরা বলেন, দেশটিতে বাংলাদেশের মতো বড় তরুণ জনগোষ্ঠী নেই। ফলে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর ঘাটতি তৈরি হয়েছে।
তারা জানান, জাপানের কনস্ট্রাকশন, কৃষি, ড্রাইভিং ও নার্সিংসহ বিভিন্ন খাতে জনবলের প্রয়োজন রয়েছে। এসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নেওয়ার সুযোগ রয়েছে।
জাপানি প্রতিনিধিরা আরও বলেন, জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি তরুণদের জাপানি ভাষা এবং সংশ্লিষ্ট পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। এতে দুই দেশের মধ্যে শ্রম ও দক্ষতা বিনিময় সহযোগিতা আরও বাড়বে।
জাপানের জনবল চাহিদা পূরণে বাংলাদেশ হতে পারে গুরুত্বপূর্ণ অংশীদার: এলজিআরডি মন্ত্রী
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




