বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে শিক্ষাব্যবস্থায় দলীয়করণ ও স্থানীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। তার মতে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ এবং যোগ্যতাভিত্তিক হওয়া উচিত।
তিনি লেখেন, ‘ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও দলীয়করণের পথ খুলে দেবে। শিক্ষক নিয়োগ হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায়, কোনো স্থানীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় নয়।’
শিক্ষার মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখতে এ সিদ্ধান্ত বাতিল করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল-কলেজে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।
গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





