বছরের পর বছর ধরে চলা উত্তেজনা ও সংঘাতের পর ইরান আগের তুলনায় পরমাণু অস্ত্র তৈরির পথে আরও বেশি এগিয়ে যেতে পারে বলে মনে করছেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর।
তার মতে, ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সময়ের তুলনায় বর্তমানে দেশটির পরমাণু অস্ত্র তৈরির আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে আলোচনায় অংশ নেওয়া অ্যালান আইর বর্তমানে মিডল ইস্ট ইনস্টিটিউটের ডিস্টিংগুইশড ডিপ্লোম্যাটিক ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি বিলুপ্ত করা সম্ভব নয়। কারণ, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি ইতোমধ্যে আয়ত্ত করেছে। এখন মূল বিষয় হলো, ইরান এই সক্ষমতা ব্যবহার করবে কি না এবং সে বিষয়ে তাদের সিদ্ধান্ত বা উদ্দেশ্য পরিবর্তন করা।
আইর বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু সরঞ্জাম ধ্বংস করা হলেও সেগুলো পুনরায় তৈরি করা সম্ভব। পাশাপাশি এ বিষয়ে দেশটির প্রযুক্তিগত জ্ঞানও ধারাবাহিকভাবে উন্নত হয়েছে।
তিনি আরও বলেন, সেন্ট্রিফিউজ তৈরির পদ্ধতি এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নিয়ে ইরানের জ্ঞান আগের চেয়ে দ্রুত অগ্রসর হয়েছে।
অ্যালান আইরের মতে, এসব কারণে ইরানকে আগের মতো পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ মেনে চলার অবস্থায় ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে দেশটির পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনাও বেড়েছে।





