দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কেউ যেন কোনো ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান আমানউল্লাহ আমান। তিনি বলেন, শিক্ষকদের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এলাকার উন্নয়ন এবং তাদের উৎসাহিত করার দায়িত্ব সবাইকে আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহ দিলে তারা ভবিষ্যতে আরও ভালো করার আগ্রহ পাবে। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আরও যত্নশীলভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজের সন্তান ও পরিবারের সদস্যদের মতো মনে করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের সময় কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।





