নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের ব্যবহৃত অস্ত্রের ব্যাগ তার কাছে ছিল।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর পৌরসভার উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় অপূর্বের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন বন্দুকধারীর ভাগনে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্টদের দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন বন্দুকধারীর অস্ত্র অপূর্বের হেফাজতে রাখা হতো। গ্রেপ্তার এড়াতে তিনি দিনের বেলায় আত্মগোপনে থাকতেন এবং রাতের দিকে চলাফেরা করতেন।
পুলিশ আরও জানিয়েছে, সাংবাদিক আলিফের ওপর এর আগেও হামলার ঘটনায় করা একটি মামলায় আসামি ছিলেন অপূর্ব।
গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায়ও অপূর্বের নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সরাসরি পাঁচ থেকে ছয়জন অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এর পেছনে অর্থদাতাসহ আরও বড় একটি চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।
ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং জেলা গোয়েন্দা পুলিশের সমন্বিত দল অভিযান চালাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলুনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির।
জানা গেছে, ওই রাতে স্থানীয় একটি দোকানে চা পান শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
নেত্রকোণায় সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে যুবক গ্রেপ্তার
জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর, ২০২৬
১ দিন আগে
শেয়ার করুন:

সারাদেশ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




