ইরান নিজ থেকে যুদ্ধ শুরু করেনি এবং কোনো আগ্রাসী পক্ষের চাপ বা শর্ত মেনে যুদ্ধের সমাপ্তি ঘটাতেও রাজি নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেদের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরান প্রতিরোধমূলক অবস্থান নিয়েছে। ফলে যুদ্ধের সমাপ্তি কীভাবে হবে, সেটি কোনো আগ্রাসী পক্ষের শর্তে নির্ধারিত হতে পারে না।

বাঘাই বলেন, ‘আগ্রাসীদের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই।’ তার ভাষ্য, ইরান সংঘাত শুরু না করলেও দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধ অব্যাহত রাখবে।

হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক ও গণমাধ্যমনির্ভর প্রচারণার অংশ এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান সফর প্রসঙ্গে বাঘাই বলেন, ইরান ও পাকিস্তানের সম্পর্ক বর্তমানে অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে। দুই দেশই দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপেরও সমালোচনা করেন তিনি। বাঘাইয়ের অভিযোগ, একদিকে ইরানের জনগণের পাশে থাকার কথা বলা হলেও অন্যদিকে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশটির জনগণের ওপর চাপ ও শাস্তি আরোপ করছে। এ বিষয়ে তেহরান প্রয়োজনীয় সতর্কবার্তাও দিয়েছে বলে জানান তিনি।

ইরানের সমুদ্রপথ অবরোধের যেকোনো উদ্যোগকে ‘আগ্রাসী পদক্ষেপ’ হিসেবেও আখ্যা দেন বাঘাই। তিনি বলেন, এমন পরিস্থিতিতে ইরানের প্রতিক্রিয়ার সুযোগ সীমাবদ্ধ নয় এবং এ ধরনের পদক্ষেপের পরিণতি ভালো হবে না।

তার দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্য দেশগুলোরও যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো কর্মকাণ্ডে সহযোগিতা করার সুযোগ নেই।

সূত্র: পার্সটুডে