গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম। তিনি জানান, রোববার রাতে অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম সজল শ্রীপুর উপজেলার বরমা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে দাবি করেছেন উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মামুন হাসান।
জানা গেছে, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সজলের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই স্ক্রিনশটে বর্তমান সরকার ও সরকারপ্রধানকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের পাশাপাশি পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপিও শেয়ার করা হয়েছিল বলে জানা যায়।
তবে সজলের ফেসবুক আইডিতে বর্তমানে ওই পোস্টটি পাওয়া যাচ্ছে না।
সজলের মা আসমা আক্তার বলেন, বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে তার ছেলে একটি পোস্ট দিয়েছিল। পরে কয়েকজন অনুরোধ করলে সে পোস্টটি সরিয়ে দেয়। পুলিশ তাকে জানিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্যের কারণে সজলকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তার ছেলে সহজ-সরল এবং ভুল করতে পারে। পোস্ট মুছে দেওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ অভিযোগ করেন, সজল দলটির কর্মী হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, বিনা অপরাধে তাকে আটক করা হয়েছে।
তবে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, কোনো ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের পর বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাসের বিষয়টি দেখা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





