রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১২৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০৯ জন, ওয়ারী বিভাগে ৭৭ জন, মতিঝিল বিভাগে ৭৩ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।