যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়টি নিষ্পত্তি এবং এর জন্য ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সরাসরি আলোচনা পুনরায় শুরু করবে না তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, মধ্যস্থতাকারীরা এখনো দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরানোর উপায় খুঁজছেন। তবে সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়টির সমাধান ছাড়া নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা দেখছে না ইরান।

তিনি বলেন, ‘আলোচনার ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র তার লঙ্ঘনগুলো সংশোধন না করা পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকায় ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন আরাগচি।