জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ কাউন্সিলে সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের সরাসরি ভোটে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়।
কাউন্সিলে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাহমীদ আল মুদাসসির চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আইয়াম (রাইয়ান) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান।
কাউন্সিল উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা, ছাত্রশক্তির নেতাকর্মী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।





