ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী।
ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজ নিতে জরুরি ভিত্তিতে হাসপাতালে এসেছেন তারা। তিনি জানান, জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাত্রার আগে প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে নির্দেশনা দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আহত ও নিহতদের পরিবারের বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন এবং তাদের পাশে থাকার কথা জানিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, সরকার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





