দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ১ হাজার ৫৯৩ জনসহ চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে এবং বরিশাল ও ঢাকা বিভাগের একজন করে রয়েছেন।
এদিকে, গত একদিনে ১ হাজার ৫৮৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫৭ হাজার ৬১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মাসের প্রথম ২০ দিনে মারা গেছেন ৮৭ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।
এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।





