দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৬৮ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ২৯৯ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৮ জন, সিলেট বিভাগে ১৬৪ জন, বরিশালে ১৪৩ জন, খুলনায় ৯১ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ২৭ জন এবং রাজশাহী বিভাগে ২৫ জন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। তাদের মধ্যে ২০ হাজার ৮৫১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।