রাজধানীর বনানীতে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় অবস্থিত একটি বায়িং হাউজের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারের পাশে অবস্থিত আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আহমেদ টাওয়ারের ২৩ তলায় থাকা একটি বায়িং হাউজের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।