বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এ প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারীদের আবাসন অর্থায়নের আওতায় আনার বিষয়টিকে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ অর্থায়ন কার্যক্রম পরিচালিত হবে।
এডিবি জানিয়েছে, দেশের অনানুষ্ঠানিক খাতে আয় করা অনেক পরিবার প্রচলিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আবাসন ঋণ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত। নতুন এ উদ্যোগের মাধ্যমে এসব মানুষের জন্য আবাসন অর্থায়নের পথ সহজ করা হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, আবাসন মানুষের মর্যাদা, সুযোগ ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এ প্রকল্প দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।