পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসি থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হননি। ফলে ৬৫৭ জন থাকেন। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য করা হয়নি বলেও দাবি করেন তিনি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, একজন আত্মহত্যার হুমকি দিয়েছেন, যিনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হয়।
বাদ পড়া ৪৬ জনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ওই ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিষ্টির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হকারদের উচ্ছেদ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হকারদের ডিসিপ্লিনে আসতে হবে।’ নাগরিকদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়েই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, উচ্ছেদ অভিযান কাউকে বেকার করার উদ্দেশ্যে নয়। অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। যেখানেই অপরাধ হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।