আগামী সপ্তাহে দেশে নতুন একটি সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, নতুন এই ইউনিট একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে পরিচালিত হবে।
শনিবার দুপুরে রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির এই পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে। নতুন সাইবার সিকিউরিটি ইউনিটের কার্যক্রম দেশের সব মেট্রোপলিটন এলাকা, বিভাগ ও জেলা পর্যায়ে বিস্তৃত থাকবে।
তিনি জানান, থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কিছু সদস্য এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তারা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে যারা সহায়তা করবে, তাদের পুরস্কৃত করা হবে।
সাইবার অপরাধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ বর্তমানে আধুনিক অপরাধ প্রবণতার একটি বড় অংশ হয়ে উঠেছে। বিশ্বের কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার অপরাধ বা স্ক্যামভিত্তিক অপরাধের সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, এ কারণেই সাইবার অপরাধ মোকাবিলায় সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হচ্ছে।