দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনাও নেই বলে তিনি জানান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথবাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অপতৎপরতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বরে কোনো অপশক্তি অপতৎপরতা ঘটাতে পারে সরকার বিশ্বাস করে না।’