জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর টোকিও সফরের কথা রয়েছে। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্য এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় গুরুত্ব পেতে পারে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

এর মধ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত একটি সমঝোতা প্রায় প্রস্তুত বলে সূত্রটি জানিয়েছে। উভয় পক্ষ সম্মত হলে প্রধানমন্ত্রীর টোকিও সফরের সময় এটি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।