যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাকে দামের এই ঊর্ধ্বগতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ উৎপাদন ও পরিবহন অবকাঠামোতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে তেলের দাম আরও বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ঊর্ধ্বমুখী হয়েছে।