জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের লক্ষ্য ও কর্মসূচি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ প্রতিনিধিদল।
স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলের লবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এবারের সফরের প্রধান উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। এ কারণে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ সীমিত।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন। তবে বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে ভবিষ্যতে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে এ ধরনের বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে শিগগির সাক্ষাতের আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি।
সফরে দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ সফরে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনার সুযোগ খুব একটা নেই। গণতান্ত্রিক উত্তরণের পর নতুন বাংলাদেশের রূপরেখা, নেতৃত্ব ও নীতিগত অবস্থান আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই হবে সফরের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের আকার নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, এবার প্রচলিত ধারা থেকে বেরিয়ে সীমিত পরিসরে প্রতিনিধিদল গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক বহরে রয়েছেন ৩৩ জন।
তিনি জানান, এর বাইরে নিরাপত্তাকর্মী, প্রয়োজনীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিগত কয়েকজন কর্মী রয়েছেন। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং বহুপক্ষীয় কূটনীতিতে দেশের স্বার্থ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতেই প্রতিনিধিদল ছোট রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।





