বিদেশে পাচার করা বাংলাদেশের সম্পদ দ্রুত দেশে ফেরাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিসহ অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি। 
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিদেশে পাচার হওয়া বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যাংক আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বিদেশে পাচার করা সম্পদ, বাণিজ্যিক স্বার্থ, বিদেশি বিনিয়োগ ও ব্যাংক হিসাবের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদেশে থাকা সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারে কাজ চলছে।
এ সময় জানানো হয়, অবৈধ সম্পদের উৎস, অর্থ পাচারের কৌশল, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগসাজশ এবং অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক নির্ধারণে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিভিন্ন দেশে থাকা জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বিও হিসাব, ব্যবসায়িক স্বার্থ, ট্রাস্ট ও বিদেশি বিনিয়োগ তহবিলের তথ্য সংগ্রহে একটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম কাজ করছে। পাচার ও অবৈধ সম্পদ স্থানান্তরের বিভিন্ন মামলার তদন্তও করছে দলটি।
কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে অপরাধীদের বিদেশে পালিয়ে যাওয়া এবং সম্পত্তি হস্তান্তরের সুযোগ বন্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের তাগিদ দেয়। পাশাপাশি অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলোতে দ্রুত ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানানোর সুপারিশ করা হয়।
পাচার করা অর্থ দ্রুত দেশে ফেরত আনা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে কমিটি।
কমিটির সভাপতির অনুপস্থিতিতে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য মো. সেলিম রেজা, মো. আব্দুল আজিজ, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, মোসাম্মৎ সাম্মী আক্তার, মো. রফিকুল ইসলাম খান ও মো. মাসুদ পারভেজ অংশ নেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।