অপরাধের ধরন পরিবর্তন হলেও পুলিশকে এখনো পুরোপুরি আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলে গেছে। অপরাধ প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রয়োজন হচ্ছে। তবে পুলিশ বাহিনীকে এখনো প্রয়োজন অনুযায়ী আধুনিকায়ন করা সম্ভব হয়নি।
তিনি জানান, থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
ক্রাইম রিপোর্টারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের কাজের সঙ্গে ঝুঁকি জড়িত। যারা ঝুঁকি নিয়ে অপরাধ বিষয়ক সংবাদ সংগ্রহ করেন, তাদের জন্য ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনে বেরিয়ে যায়। এ কারণে আইনের সংশোধন প্রয়োজন।





