কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারে সফল পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব ক্ষেত্রে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। তিনি জানান, গত সপ্তাহে এ ধরনের দুজন এবং এর আগের দিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এতদিন তারা দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন। এ সময় পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের গোয়েন্দা তথ্য ব্যবস্থা সবচেয়ে কার্যকর বলে তিনি মনে করেন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার করতে হবে।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করতে পারে, আকাশ থেকে গুলি চালিয়ে দেশের নাগরিকদের হত্যা করতে পারে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করে গণতন্ত্রহীন পরিস্থিতি তৈরি করেছিল—তাদের বিষয়ে দেশের মানুষের অবস্থান বিবেচনা করা প্রয়োজন।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত দেওয়ার বিষয়ে সরকার আনুষ্ঠানিক অনুরোধ করেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হন, তাহলে আইন নিজস্ব গতিতে চলবে।
অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
বিষয়:সালাহউদ্দিন আহমদ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




