চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ মাসে সারাদেশে পাঁচ থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

আগস্টে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের প্রধান নদ-নদীর পানি সামগ্রিকভাবে বাড়তে পারে।

এদিকে জুলাই মাসের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, সারাদেশে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫৯ শতাংশ এবং সিলেট বিভাগে ৩৭ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। তবে ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ০৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

গত জুলাইয়ে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছিল।

ওই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে। ৪ জুলাই সেখানে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ২১ ও ২২ জুলাই সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ৮ জুলাই চট্টগ্রামে ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ছিল জুলাই মাসে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত।