গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া তিন মেট্রন হলেন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা। চার নারী কারারক্ষী হলেন শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি উঠে আসায় সংশ্লিষ্ট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত মেট্রনদের তদারকিতে ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের এক বন্দি পালিয়ে যান।
অভিযোগ রয়েছে, রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সীমানা প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এআইজি মো. জান্নাতুল ফরহাদ বলেন, পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে এ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পৃথক তদন্তও চলছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





