চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, একজন মানুষ সারাদিন রোদে পুড়ে ও ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। সেই অর্থ দিয়েই তার সন্তানের দুধ, স্কুলের খাতা এবং বৃদ্ধ বাবার ওষুধের খরচ মেটাতে হয়। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা হিসেবে নিয়ে গেলে শুধু অর্থই হারায় না, ওই পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন অপূর্ণ থেকে যায়।

তিনি লিখেছেন, ‘আপনার-আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে। কিন্তু যার সারা দিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান।’

চাঁদাবাজির বিভিন্ন দিক তুলে ধরে এনসিপির এই নেতা লিখেছেন, ‘দোকান বসাবেন, চাঁদা। ব্যবসা করবেন, চাঁদা। গাড়ি চলবে, চাঁদা। বাড়ি তুলবেন, সেখানেও চাঁদা।’

তিনি আরও লেখেন, চাঁদার অর্থ দিয়ে যখন রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা দেখানো হয়, তখন মানুষের অপমান আরও গভীর হয়। তার দাবি, এই অর্থ শুধু নিচের পর্যায়েই সীমাবদ্ধ থাকে না, ধাপে ধাপে ওপরের নেতাদের কাছেও পৌঁছে যায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি শুধু মানুষের টাকা কেড়ে নেয় না, এর মাধ্যমে মানুষের শ্রম, সন্তানের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার অধিকারও ক্ষতিগ্রস্ত হয়।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এলাকায় এলাকায় চাঁদাবাজবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।’

তিনি আরও বলেন, দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।