‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ১৭ বছর ধরে সরকারদলীয় ‘অনাহারী নেতাকর্মীদের’ জন্য এবার গণভিক্ষা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এক টাকা ভিক্ষাও কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করার কথা জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ তার পোস্টে দান করার আহ্বান জানিয়ে চাঁদাবাজি বন্ধ এবং ‘১৭ বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে’ অংশ নেওয়ার কথা বলেন।
এনসিপির পক্ষ থেকেও সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।





