জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই দাবিতে পৃথক বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দলগুলোর পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এসব কর্মসূচি ও প্রতিক্রিয়া জানানো হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের চাপ বাড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে লিটারপ্রতি একলাফে ২০ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন সংকট তৈরি করবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ, ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধের দাবি জানান তিনি।

মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ ও প্রতিবাদ জানান।

তাঁরা বলেন, দাম বাড়ানোর আগে এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা উচিত ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পুরো দায় জনগণের ওপর না দিয়ে জ্বালানি খাতে অপচয়, দুর্নীতি, অদক্ষতা ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এবি পার্টি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং মূল্যস্ফীতির চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

বিক্ষোভ কর্মসূচি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতাদের থাকার কথা রয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপি। একই দিন সন্ধ্যা ৭টায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করে। নতুন দামে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে। ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে।