জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে সিটি সার্ভিস ও দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বিআরটিএ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বৈঠকে উপস্থিত কমিটির এক সদস্যও জানান, সিটি সার্ভিস ও দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল। তবে আলোচনার পর ২০ পয়সা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

এখন বিআরটিএর পক্ষ থেকে প্রস্তাবটি সরকারের কাছে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের মতে, মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে।

গণপরিবহনের বড় অংশ ডিজেলচালিত হওয়ায় জ্বালানি খরচ বৃদ্ধির প্রভাব বাস পরিচালন ব্যয়ে পড়েছে। এ কারণে জ্বালানি খরচসহ অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়।