দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৭১ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন, খুলনা বিভাগে ২৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ১৪৯ জন।