রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর গুলশানে আলোকিতে Team European Union আয়োজিত ‘High Level Event on Bangladesh Rivers Pollution Control, Conservation and Management of the Rivers Surrounding Capital Dhaka’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, রাজধানীর পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নদীগুলোকে বিবেচনা করে কার্যকর নদী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীসহ ঢাকার আশপাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। নদীতে শিল্পবর্জ্য, পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

মন্ত্রী বলেন, নদী দূষণ নিয়ন্ত্রণ কোনো একক মন্ত্রণালয় বা সংস্থার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য পানি সম্পদ, পরিবেশ, নৌপরিবহন, স্থানীয় সরকার, সিটি করপোরেশন, শিল্প মন্ত্রণালয়, রাজউকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নদীর তীরবর্তী মানুষ, শিল্পপ্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকেও নদী রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে জলাবদ্ধতা, পরিবেশের ভারসাম্যহীনতা এবং জনদুর্ভোগ বাড়ে। তাই নদীর সঙ্গে সংযুক্ত খাল ও জলাধার সংরক্ষণের পাশাপাশি নদী-খালের সংযোগ পুনঃস্থাপন, প্রয়োজন অনুযায়ী খনন ও পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

তিনি জানান, নদ-নদী, খাল ও জলাধারের নাব্যতা ফিরিয়ে আনতে সরকার দেশব্যাপী খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে।