দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে উপজেলা পর্যায়েই চিকিৎসাসেবার সুযোগ বাড়বে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে এবার সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকট দূর করার বিষয়েও সরকার কাজ করছে।
তিনি জানান, দেশব্যাপী বিপুল সংখ্যক নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি দেশে এইচআইভি (HIV) বা এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের গবেষণা ও চিকিৎসাসেবা সম্প্রসারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, আগের সময়ে স্বাস্থ্য খাতে শুধু অবকাঠামো নির্মাণে ব্যয় হলেও জনবল নিয়োগে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার অবকাঠামোর পাশাপাশি চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

স্বাস্থ্য
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




