বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দুটি স্টেডিয়াম হস্তান্তর করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনএসসির অডিটোরিয়ামে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

চুক্তি অনুযায়ী, ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম আগামী ২২ বছরের জন্য বাফুফের অধীনে থাকবে।

বাংলাদেশ ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানের পর একই মঞ্চে চুক্তিতে স্বাক্ষর করা হয়। বাফুফের পক্ষে সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং এনএসসির পক্ষে ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসসির চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

তাবিথ আউয়াল জানান, স্টেডিয়াম দুটি বাফুফের অধীনে থাকলেও এর মালিকানা এনএসসির কাছেই থাকবে। বাফুফে মূলত স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, ফুটবলের পাশাপাশি অন্য খেলাধুলার আয়োজনও করা যাবে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ফেডারেশনকে বাফুফের অনুমতি নিতে হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ধাপে ধাপে বাফুফেকে আরও স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।