বিদেশে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধ আরও সহজ করতে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফিসহ অনুমোদিত অন্যান্য শিক্ষা ব্যয় ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

সোমবার (১০ আগস্ট) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশে পড়াশোনার খরচ পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ভর্তি প্ল্যাটফর্মে কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের চাহিদা বাড়ায় এ সুবিধা চালু করা হয়েছে।

কার্ডটি সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে অথবা তার পড়াশোনার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ইস্যু করা যাবে। এর মাধ্যমে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব লেনদেন ভ্রমণ কোটা বা বিদ্যমান অন্য কোনো বৈদেশিক মুদ্রা সুবিধার অংশ হিসেবে গণ্য হবে না। শিক্ষা-সংক্রান্ত পরিশোধ আলাদাভাবে বিবেচিত হবে।

তবে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নিয়ন্ত্রক বিধি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা মানতে হবে। এডি ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে কার্ডটি কেবল অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধেই ব্যবহার হচ্ছে।

একই সঙ্গে প্রতিটি লেনদেনের সঠিক তথ্য সংরক্ষণ এবং নির্ধারিত ‘পারপাস কোড’ ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের কাছে লেনদেনের তথ্য প্রতিবেদন করতে বলা হয়েছে।