গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে তদন্ত কমিটি।

বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. একে এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সংবাদমাধ্যমের প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে কমিটি মনে করছে, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সেই সময়ের সরকার দায়ী।

তিনি বলেন, বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল।

প্রকাশিত ২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি মোট ১২ জনের সাক্ষাৎকার নিয়েছে। এতে ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকদের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের তৎকালীন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।

এ ছাড়া যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি।

গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেওয়া হয়।

তবে তদন্ত কমিটি জানিয়েছে, বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ওই সময়ের বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানের মতো সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাতে সম্মতি দেয়নি।

এর ফলে বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।