রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার সকালে এ তথ্য জানা গেছে।
এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।
জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন শাহ আলী মাজারের ভাসমান ব্যক্তি। অর্থের বিনিময়ে তারা ভাঙচুরের ঘটনায় অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গভীর রাতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রাতের বেলায় একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রতিষ্ঠানের কর্মী, মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, ঘটনাটি জমি দখলসংক্রান্ত বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।
পুলিশ জানাচ্ছে, হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে রাতের বেলায় প্রতিষ্ঠানটিতে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও উঠেছে। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাট চললেও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।